আবার গৃহবধূ খুনের ঘটনায় চাঞ্চল্য। বাবার বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করায় গৃহবধুকে পুরিয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ি লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার বাঙালবাড়ী এলাকার দোধিকোট গ্রামে। এই ঘটনায় মৃত গৃহবধুর পরিবারের লোকেরা তার শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। অভিযুক্তরা অধরা।
জানা গেছে, হেমতাবাদ থানার বাঙালবাড়ি এলাকার দোধিকোট গ্রামের বাসিন্দা দয়াল বর্মনের সাথে কালিয়াগঞ্জ থানার ধনকৈল এলাকার বাসিন্দা ললিতা বর্মনের ছোট মেয়ে সুনিতা বর্মনের সাথে ৬ বছর আগে বিয়ে হয়। দুটি সন্তানের জন্ম দেয় সুনিতা বর্মন।মৃতার বাপের বাড়ির লোকদের অভিযোগ,
বিয়ের কয়েক বছর পর থেকে টাকার জন্য তার স্বামী, শ্বাশুড়ী ও দেওর তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করতে থাকে তাদের মেয়েকে। গতকাল সকালে তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা তাকে মারধোর করে গায়ে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। অগ্নিদগ্ধ সুনিতা বর্মন কে রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।গতকাল রাতে তার মৃত্যু হয়। এই ঘটনায় সুনিতার পরিবারের পক্ষ থেকে তার স্বামী দয়াল বর্মন সহ শ্বশুরবাড়ি লোকেদের বিরুদ্ধে হেমতাবাদ লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মৃতার পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করা হয়েছে।